জট কমাতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করুন :খন্দকার মাহবুব

মামলা জট নিরসনে অবিলম্বে আপিল বিভাগে বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। গতকাল রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানিয়ে তিনি বলেন, আপিল বিভাগে ১৫ হাজার ও হাইকোর্ট বিভাগে তিন লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে আপিল বিভাগে আটজন বিচারক রয়েছেন। শূন্য পদ রয়েছে তিনটি। এই শূন্য পদ পূরণ করা হলে আপিল বিভাগে মোট ১১ জন বিচারপতি কর্মরত থাকবেন। তখন তিনটি বেঞ্চ গঠন করে জমে থাকা মামলা দ্রুত শুনানি করে জট নিরসন করা সম্ভব হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। খন্দকার মাহবুব বলেন, পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে সরকার এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে ইচ্ছুক নয়। কি কারণে আপিল বিভাগের শূন্য পদে বিচারক নিয়োগে সরকারের অনীহা, তা আমাদের বোধগম্য নয়। অনেকের মতে, হাইকোর্ট বিভাগে দক্ষ ও যোগ্য জ্যেষ্ঠ বিচারক রয়েছেন। তারা স্বাভাবিকভাবে আপিল বিভাগে নিয়োগ পাওয়ার যোগ্য। তিনি অভিযোগ করে বলেন, বিশেষ উদ্দেশ্যে আপিল বিভাগে বিচারক নিয়োগ বন্ধ রেখে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের অবসরের অপেক্ষায় রয়েছে সরকার। যাতে পরবর্তী সময়ে সরকারের পছন্দমতো হাইকোর্ট বিভাগের অপেক্ষাকৃত নবীন বিচারকদের সেখানে নিয়োগ দিয়া যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিল অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা এবং শুনানি গ্রহণে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে আপিল বিভাগের অন্য মামলা নিষ্পত্তিতে বাধার সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হচ্ছে মামলা জট।