যেসব নেতা আনন্দে আটখানা, তারা মানসিক প্রতিবন্ধী
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২৩:১৩
ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দেশের কয়েকজন রাজনীতিকের প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এসব ‘মানসিক প্রতিবন্ধী’ নেতাদের কাছে দেশের স্বাধীনতা নিরাপদ নয়।
তিনি বলেন, “প্রতিবেশী রাষ্ট্রের নির্বাচনী ফলাফল দেখে যেসব নেতারা আনন্দে আটখানা হন কিংবা আতংকিত হয়ে পড়েন; তারা ‘মানসিক প্রতিবন্ধী’। তারা দেশের স্বাধীনতা রক্ষা করতে পারে না। তাই তাদের কাছ থেকে দূরে থাকুন,” নির্বাচনী ফলাফল সম্পর্কে তাঁর নিজস্ব প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বাসসকে গতকাল একথা বলেন।
তথ্যমন্ত্রী ইনু বলেন, ভারতের রাজনৈতিক পালাবদলে আমাদের আনন্দিত বা আতংকিত হওয়ার কিছু নেই। এটি একটি স্বাভাবিক রাজনৈতিক পালাবদল। এতে যারা দুঃখ বা আনন্দ পান তারা কার্যত ‘কূটনৈতিক মানসিক দৈন্যতায় ভুগছেন।
এ ফলাফল দুই দেশের মধ্যকার সম্পর্কে কোন প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার বদলের সাথে প্রতিবেশী দেশের অদল-বদল হয় না। আমি মনে করি ভারত-বাংলাদেশের মধ্যে যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে তা আরো দৃঢ় হবে।
নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে হাসানুল হক ইনু বলেন, সরকার গঠনের পর নরেন্দ্র মোদীর সরকার দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলোর সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং সংকট সমাধানে এগিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস। একটি বৃহত্তর রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার সার্বিক উন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে বলেও ইনু আশা প্রকাশ করেন।