তিন বিধায়কের পক্ষ ত্যাগ, চরম বিপদে লালু প্রসাদ

বিহারে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বিদ্রোহী তিন বিধায়কের পদত্যাগে বিপদে পড়েছেন লালু প্রাসাদ যাদব। এদিকে জনতা দল (ইউ) এর নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পদত্যাগ করার পর দলটির নেতারা গতকাল তাকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকতে। কিন্তু নীতিশ তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। শেষ পর্যন্ত সাড়া না দিলে দলটির শীর্ষ নেতারা আজ বৈঠকে বসে নতুন নেতা নির্বাচিত করবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। জেডইউ’র নেতারা নীতিশকেই তাদের নেতা হিসেবে মেনে নেন। তারা নীতিশকে পদত্যাগপত্র প্রত্যাহারের আহবান জানান। কিন্তু নীতিশ পদত্যাগপত্র প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান। যখন সংসদ সদস্যরা তার প্রতি জোরাজুরি করেন এবং দাবি না মানলে বাসার সামনে অবস্থান করার ঘোষণা দেন তখন নীতিশ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার পর্যন্ত সময় নেন। দলটির মুখপাত্র সঞ্জয় সিং এ তথ্য জানিয়েছেন। সিং জানান, সোমবার আবার দলটির বৈঠক ডাকা হয়েছে। এদিকে গতকাল আরজেডি’র তিন বিধায়ক সম্রাট চৌধুরী, রাম লক্ষণ রাম রমন এবং জাভেদ ইকবাল পদত্যাগ করেন। তারা নীতিশের দলে যোগ দেওয়ার ঘোষণা দেন। তারা বিহারের বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।