টানা দরপতন শেয়ারবাজারে

টানা আট কার্যদিবস ধরে শেয়ারবাজারে সূচক কমছে। সঙ্গে কমছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আট কার্যদিবস ধরে দরপতনের ফলে সূচক কমেছে প্রায় ২০০ পয়েন্ট। লেনদেন সাড়ে চারশ’ কোটি টাকা থেকে ২১৭ কোটি টাকায় নেমে এসেছে। যা গত সাত মাসে বাজারের সর্বনিম্ন লেনদেন। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে স্বাভাবিক ওঠানামা থাকতে পারে। তবে একটানা দরপতন বা দর বৃদ্ধি ইতিবাচক নয়। এদিকে আগামী বাজেট নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। বাজার পতনে এর প্রভাব থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৭ কোটি ৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২ কোটি ১১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ব্যাসেল-২ অনুযায়ী মূলধন বৃদ্ধির জন্য টায়ার-২ মূলধন হিসাবে ৭ বছর মেয়াদী (ফ্লাটিং রেট ১১ দশমিক ৫০ থেকে ১৪ দশমিক ৫০ শতাংশ) ৩০০ কোটি টাকার নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয়। বিনিয়োগকারীদের সম্মতির জন্য কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৬ জুন সকাল সাড়ে ১০টায় ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে।