পরিবেশবান্ধব শিল্পখাতে বিনিয়োগে আগ্রহী ডেনমার্কের উদ্যোক্তারা

বাংলাদেশে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ ও ওষুধ উত্পাদন শিল্পখাতে ডেনমার্কের উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশি উদ্যোক্তারা ইতিমধ্যে ডেনমার্কে জাহাজ রপ্তানি করছে। গুণগতমানের জন্য জাহাজ রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিলে তা যথাযথভাবে বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশে নিযুক্ত ডেনিস রাষ্ট্রদূত হ্যান ফুগল এস্কজেইয়ারের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ পরামর্শ দেন। গতকাল শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন ও ডেনিস দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ডেনিস রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব সবুজ শিল্পখাতে ডেনমার্কের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। এ লক্ষ্যে ডেনমার্ক ও সুইডেনের উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের পুষ্টিমান বাড়াতে ডেনমার্কের উদ্যোক্তারা কাজ করছে। ইতিমধ্যে ডেনমার্কের একটি কোম্পানি বাংলাদেশে গুঁড়া দুধ প্যাকেটজাত করে বিপণনের উদ্যোগ নিয়েছে। তিনি এ উদ্যোগ সফল করতে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন।