কোস্ট গার্ড ভেঙ্গে দেয়ার ঘোষণা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

গতমাসে ফেরিডুবির ঘটনায় সরকারের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক পার্ক জিউন-হাই দেশটির কোস্টগার্ড ভেঙে দেয়ার কথা জানিয়েছেন। গতকাল সোমবার জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে এ ঘোষণার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর কাছে দুঃখপ্রকাশও করেছেন তিনি। পার্ক বলেন, প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ কোরিয়ার জনগণের জীবন ও নিরাপত্তার দায়িত্ব তার। তাই দুর্ঘটনার পর সরকারের দুর্বল তত্পরতার চূড়ান্ত দায়ভারও তারই। তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় উদ্ধারকাজের ধীরগতির সব দায়িত্ব আমার ওপরই বর্তায়।’ এরপর ভুক্তভোগী সব মানুষের কাছে আন্তরিকভাবে ক্ষমাও চান তিনি। ফেরি দুর্ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিতে দেশটির জাতীয় কোস্টগার্ডের ব্যর্থতার প্রসঙ্গটিও আসে তার ভাষণে। তিনি বলেন, কোস্টগার্ড তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে তত্পর হলে আরও জীবন বাঁচানো সম্ভব হতো। এসময় পার্ক বলেন, এই অবস্থায় অন্য কোনো বড় দুর্ঘটনা ঘটলে কোস্টগার্ড তা মোকাবেলায় ব্যর্থ হবে। এরপর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘কোস্টগার্ড ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি’। তিনি জানান, নতুন একটি নিরাপত্তা সংস্থা উদ্ধার কাজের দায়িত্ব নেবে এবং তদন্তকাজে পুলিশকে সাহায্য করবে। গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপকূলে ফেরিডুবিতে তিনশ’রও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং এখনও ২৩ জন নিখোঁজ রয়েছে। নিহতদের অধিকাংশই ছিল স্কুলশিক্ষার্থী। ঐ ঘটনার দায় নিয়ে দেশটির প্রধানমন্ত্রী চাং হং-উন ইতোমধ্যে পদত্যাগ করেছেন।