বসনিয়া ও সার্বিয়ায় বন্যায় মৃত্যের সংখ্যা বেড়ে ৩৭
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২১:৫৭
এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বসনিয়া ও সার্বিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। নদীতে বাড়তে থাকা বন্যার পানির কারণে ঝুঁকির মধ্যে থাকা শহরগুলো থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার বসনিয়া ও সার্বিয়ার কর্তৃপক্ষ এসব কথা জানিয়েছেন।
শুধু বসনিয়াতেই ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পানি নেমে যাওয়ার পর শনিবার দেশটির উত্তর-পশ্চিমের শহর দোবোজ থেকে নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, সার্বিয়ার শহর ওব্রেনোভাক থেকে উদ্ধার করা হয় ১২টি লাশ এবং সার্বিয়ার অন্যান্য স্থান থেকে পাওয়া যায় আরো অন্তত ৫টি লাশ। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ও পশ্চিমাঞ্চলীয় শহর স্যাবেককে বন্যার পানি থেকে রক্ষার জন্য সেনা, পুলিশ ও দমকল কর্মীদের সঙ্গে হাজার হাজার স্বেচ্ছাসেবী যোগ দিয়ে বাঁধ তৈরিতে কাজ করছে। দেশটির সাভা নদীর পানি রেকর্ড পরিমাণ উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে।
সার্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, গত ১২০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণে নদীটির পানি প্রতি ঘন্টায় তিন সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ভূসিক জানিয়েছেন, বন্যায় শুক্রবার পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। বেলগ্রেড থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর ওব্রেনোভাকে একটি প্রাথমিক বিদ্যালয়ে আটকা পড়া কয়েকশ দুর্গত মানুষকে উদ্ধারের চেষ্টায় সেনাবাহিনী উভচর বাহন ব্যবহার করছে। শহরটির কেন্দ্রস্থল ১০ ফুট পানির নীচে ডুবে গেছে বলে জানা গেছে।