সীমান্তে পাকিস্তানি সৈন্যের গুলিতে ভারতীয় জওয়ান নিহত
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২১:৫৮
সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সৈন্যদের গুলিতে এক ভারতীয় জওয়ান নিহত ও আরো দুইজন আহত হয়েছে। রবিবার ভারত সীমান্তে পালানওয়ালা সেক্টরে এ ঘটনা ঘটে। সাধারণ নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর জয়লাভের পর প্রথমবারের মত দেশটিতে এ গুলির ঘটনা ঘটলো। —খবর এনডিটিভি’র।
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার নিকটে পালানওয়ালা সেক্টরে ভিনোদ কুমার নামে এক সেনা ভূমিমাইন স্থাপন করার সময় আহত হয়। এ ঘটনায় ঐ সেনাকে উদ্ধার করতে মারাঠা পদাতিক বাহিনীর সেনারা সেখানে গেলে সকাল ১০টার দিকে পাকিস্তানি সৈন্যরা সেনা চৌকিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন আহত হয়। পরে এদের একজন মারা যায়। এ ঘটনায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলেছে, তারা আমাদের সীমান্তে অনুপ্রবেশ করেছে। এদিকে পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, তারা ভারতীয় সেনাদের ওপর কোন গুলি চালায়নি। ওদিকে বিজেপি নেতৃত্বাধীন দেশটির হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মৈত্রি বন্ধন তৈরি করা হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।