হোমনায় বেহাল সড়ক
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:১৭
হোমনা পৌরসভার হোমনা ফুটওভার ব্রিজ থেকে শ্রীমদ্দি মেঘনা নদীর তীর ও লটিয়া পর্যন্ত ৫ কিলোমিটারের সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের এসব খানা-খন্দে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী হোমনা পৌরসভা ও আড়াইহাজার উপজেলার অর্ধলক্ষাধিক মানুষকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের। শ্রীমদ্দি, লটিয়া ও চরের গাঁ গ্রামের সহস্রাধিক শিক্ষার্থীকে প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। সামান্য বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে হাঁটা যায় না। ফলে বৃষ্টি হলে কোন বিকল্প পথ না থাকায় ঐদিন অধিকাংশ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যায় না। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। ভুক্তভোগীদের দাবি সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নেন। এ ব্যাপারে পৌর মেয়র মো. হারুন মিয়া জানান, সড়ক সংস্কার করতে অর্থের জন্য এলজিইডিতে লেখা হয়েছে।