মুহাম্মদ শফিকুর রহমান
শখ থেকে কারো কারো সাফল্য আসে। কিন্তু সে সাফল্য যখন রেকর্ডে পরিণত হয়, এশিয়া মহাদেশে প্রথম হয় তখন তা গোটা দেশের জন্য সম্মান বয়ে আনে। সম্প্রতি শখের পাখি ফি পালনে তেমনই সাফল্য অর্জন করেছেন মানিকগঞ্জের এক তরুণ।
শখ করেই তিনি পোষা পাখি পালন করেন। তাও অতি ছোট পাখি ফি। অনেকটা চড়ুইয়ের মতো। তাঁর নাম আবদুল হান্নান দিনার। উচ্চশিক্ষিত তরুণ। মানিকগঞ্জ শহরেই তাঁর শখের পক্ষিশালা। তাঁর বাবা আবদুর রউফ পাখি পুষতেন। সেখান থেকেই দিনারের পাখিপ্রেমের শুরু। ২০১২ সাল থেকে শখের বসে পাখি পোষা শুরু করেন। দুই তলা বাড়ির নিচতলার একপাশে তিনি থাকেন পরিবার নিয়ে। অপরপাশে পোষা পাখির বিপুল সমারোহ। ওয়েস্টার্ন ব্লু বিল। ছোট মন কেড়ে নেওয়ার মতো একটি পাখি। খাঁচার জনপ্রিয় পাখি। তবে এই পাখি ব্রিড করানো (ডিম বাচ্চা) কঠিন কাজ। অনেকেই অনেকবার চেষ্টা করে বিফল হয়েছেন। দিনার সম্প্রতি ওয়েস্টার্ন ব্লু বিল ব্রিড করতে সফল হয়েছেন। তাঁর ওয়েস্টার্ন ব্লু বিল দুটি বাচ্চা দেয়। এশিয়া মহাদেশে তাঁর আগে কেউ এই পাখির বাচ্চা জন্ম দেওয়াতে সফল হয়নি। যতদূর জানা যায়, গোটা পৃথিবীতে হাতেগোনা দু-একজন মানুষ সফল হয়েছেন।
৮ মাস আগের কথা। আমদানিকারকের কাছ থেকে তিনি ওয়েস্টার্ন ব্লু বিল পাখি সংগ্রহ করেন। নানাজন নানা কথা বলেছিল। এই পাখি ব্রিড করবে নাকি? শুধুই টাকা নষ্ট। দিনার কারো কথাই কান দিলেন না। হোক পোষা পাখি, তাতে কী। যত্ন করলেন, ভালোবাসেন সন্তানেরই মতো। পাখিঘরে তিনি বিশ্বমানের পরিবেশ নিশ্চিত করেন। ভালো খাবার দিতে কমতি করেননি এতটুকুও। কিছুদিনের মধ্যে ওয়েস্টার্ন ব্লু বাচ্চা দেয়। দিনারের চোখ-মুখে হাসি ফুটে ওঠে। দুর্ভাগ্যবশত বাচ্চাগুলো মারা যায়। এরপর আবার ডিম দেয় পাখি। ডিমের মধ্যেই বাচ্চার করুণ মৃত্যু হয়। দিনার লড়াকু সৈনিক। তিনি জানতেন ধৈর্য্য ধরলে সফলতা আসবেই। ৮ মাসের মাথায় ওয়েস্টার্ন ব্লু বিল বাচ্চা দেয় দুটি। অবশ্য ডিম পেড়েছিল ৩টি। পোষা পাখির ইতিহাসে দিনারের নাম উঠে যায়। দেশের জন্য বিরল সম্মান বয়ে আনেন তিনি। অবশ্য ফি পাখিতে তাঁর সফলতা নতুন নয়। দেশের মধ্যে সবচেয়ে দুর্লভ, আকর্ষণীয় পাখির সংগ্রহশালা তাঁর। কী নেই তাঁর পক্ষিশালায়। অস্ট্রেলিয়ান,আফ্রিকান বিভিন্ন প্রজাতির ফি আছে। খুব বেশিদিন আগের কথা নয়। মাত্র ৫ বছর। এত কম সময়ে ফি পাখিতে এত সফলতা দেশের কেউ পায়নি। তিনি ৬টি প্রজাতির ফি পাখি ব্রিডিং করতে সফল হয়েছেন। যা বাংলাদেশে আর কেউ ব্রিড করাতে পারেনি।
এছাড়া ডমিনেট সিলভার জেব্রা ফি, পেইড স্টার ফি, চকোলেট বেঙ্গলিজ ফি, ফিলব্যাক জেব্রা ফি তিনি প্রথমবারের মতো বাংলাদেশে ব্রিড করাতে সফল হন। অসংখ্য প্রজাতির শতাধিক পাখি তার সংগ্রহে রয়েছে। দিনার জানান, পোষা পাখির সামাজিক সুফল ব্যাপক। যুবক-যুবতীদের পোষা পাখিতে সম্পৃক্ত করা গেলে মাদকসহ সকল নেশাগ্রস্থের হার অনেক কমে আসবে।