সড়ক নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:৪৬
মেহেরপুরের মুজিবনগরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসাবে ২৮ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। রাস্তার ঠিকাদারসহ সরকারি কর্মকর্তার যোগসাজশে তারা রাস্তার কাজ যথাযথভাবে করছে না। অবিলম্বে রাস্তার যে অংশটুকু কাজের অনিয়ম হয়েছে তা পুনঃনির্মাণের দাবি জানান বক্তারা।