নবীনগরে আনসার সদস্যদের সম্মানী ভাতা আত্মসাত্

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আনসার-ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার বাবর আলী’র বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্যদের সম্মানী ভাতার লাখ লাখ টাকা তিনি আত্মসাত্ করেছেন বলে জানা গেছে। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আনসার ভিডিপি’র দলপতি মোঃ আবদুল কুদ্দুস ও বীরগাঁও ইউনিয়নের দলনেত্রী কোহিনুর বেগম গত দু’টি নির্বাচনের ডিউটির মাস্টার রোলে টাকার অংক না বসিয়ে কৌশলে সকল সদস্যের স্বাক্ষর নিয়ে উক্ত টাকা আত্মসাত্ করেন বলে কুমিল্লা আনসার ভিডিপির রেঞ্জ ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত এ অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, ওই দু’টি নির্বাচনে আনসার-ভিডিপির ৩১১২ জন সদস্যর প্রত্যেককে ১৯৫০ টাকা করে দেয়ার কথা থাকলেও কাউকে পুরো টাকা দেয়া হয়নি। অন্যায়ভাবে ১৬ জনের হাজিরা কেটে এবং প্রত্যেকের কাছ থেকে যাতায়াত বাবদ ১০০ থেকে ২০০ টাকা কেটে রাখেন। এছাড়া তিনি নিয়োগপ্রাপ্ত সদস্যদের বাদ দিয়ে বিভিন্ন গ্রাম থেকে কম টাকায় লোক ভাড়া করে এনে ডিউটি করান। আজ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে। অভিযুক্ত ভারপ্রাপ্ত আনসার-ভিডিপি কর্মকর্তা খন্দকার বাবর আলী এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন, আমার বিরুদ্ধে এটি একটি সাজানো নাটক।