চোরাকারবারিদের সংঘর্ষে দৌলতপুরে আহত ১৫ বাড়িঘর ভাংচুর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল চোরাকারবারির মধ্যে বন্দুকযুদ্ধে ১৫ জন আহত হয়েছে। এসময় ৪টি বাড়িতে ভাংচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আসলাম ও কাজল নামে দু’জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন জামালপুর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চোরাচালানি আসলাম ও শাহাবুল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় গ্রুপ একে অপরকে লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করতে থাকে। এলাকাবাসী জানায়, ১৫/১৬ রাউন্ড গুলি ও শক্তিশালী বোমার শব্দে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষে ১৫ জন আহত হয়। এদের মধ্যে হাবিব দৌলতপুর হাসপাতালে ভর্তি হলেও গ্রেফতার এড়াতে অন্যরা গোপনে চিকিত্সা নিচ্ছে। এ সময় প্রতিপক্ষের লোকজন মতিন, সাহারুল, শাহিনুর ও আতর আলীর বাড়িতে ভাংচুর চালায়।