বন্দরে ছুটির দিনে কাজ না করেও কাটা হচ্ছে হলিডে চার্জ
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:৪৮
সরকারি নির্দেশে ছুটির দিনে কাজ করার কথা থাকলেও কাজ করছে না বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। ২/১টি শাখায় কাজ করলেও তারা সরকারি সিদ্ধান্ত না মেনে হলিডে চার্জ আদায় করায় আমদানিকারকরা মালামাল ছাড় নিচ্ছে না। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট সংক্রান্ত কার্যক্রম এবং রাজস্ব আদায় ত্বরান্বিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও এর অধীনস্থ অফিসসমূহ আগামী ৩০ জুন পর্যন্ত প্রতি শনিবার খোলা থাকবে। জনস্বার্থে এ আদেশ জারী করা হলো বলে জাতীয় রাজস্ব বোর্ড প্রশাসন-২ এর দ্বিতীয় সচিব মোঃ শহীদ উল্লাহ স্বাক্ষরিত একটি পত্র আসে গত ২৯ এপ্রিল। গত ৫ মে এই পত্রটি বেনাপোল বন্দরের সাথে সংশ্লিষ্ট সবাইকে পত্র দ্বারা জানিয়ে দেয়া হয়। কিন্তু সরকারি ছুটির ২য় দিনে বেনাপোল কাস্টমস হাউজ, সোনালী ব্যাংক খোলা থাকলেও বন্দর কর্তৃপক্ষের কোনো খোঁজ থাকে না।
সরকারি সিদ্ধান্তে ছুটির দিনে কাজ না করায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সরকার অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেবার জন্য সাপ্তাহিক ছুটির দিনে বন্দর খোলা রাখার নির্দেশ দিয়েছে। বিশেষ এই ঘোষণায় কাজ করতে হবে সবাইকে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ এদিন কাজ করতে অনীহা প্রকাশ করায় সরকারের লক্ষ্য অর্জিত হবে না। এ ব্যাপারে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) তারিকুল ইসলাম জানান, সরকারি সিদ্ধান্তের পত্র পাওয়ার সময় বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও শেড (স্টোর) খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। আমরা বন্দরের কার্যক্রম খোলা রেখেছি। যে কেউ পণ্য ডেলিভারী নিতে চাইলে হলিডে চার্জ দিয়ে পণ্য নিতে পারবেন।