কেন্দুয়ায় সড়ক নির্মাণ কাজ বন্ধ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাবিখা প্রকল্পের আওতায় দুর্গাপুর মোড় হতে সয়লাপাড়া গ্রাম পর্যন্ত কাঁচা সড়ক নির্মাণে বাধা দানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সয়লাপাড়া গ্রামের লোকজন ও সড়ক নির্মাণ প্রকল্প কমিটির সভাপতি মো. ওসমান গণি কেন্দুয়া থানায় গত রবিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, চলতি অর্থবছরে এ রাস্তা নির্মাণে ৮ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়। নতুন এ কাঁচা সড়ক নির্মাণ কাজ শুরু করার পর শেওড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের জমি পর্যন্ত গেলে মাটি কাটা শ্রমিকদের ওই জমির মালিক তার লোকজন নিয়ে কাজে বাধা সৃষ্টি করেন। পরে শ্রমিকরা সড়কের ওই অংশে কাজ বন্ধ করে অন্য অংশে কাজ শুরু করে। গ্রামবাসী জানায়, জমির মালিক আব্দুল মজিদের বাধার মুখে সড়কের একটি অংশের কাজ বন্ধ রয়েছে। ওই সড়কটি নির্মাণ হলে ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাতায়াতে অনেক সুবিধা হবে। আব্দুল মজিদ বলেন, আমার মতামত না নিয়েই সড়ক নির্মাণ শুরু হয়। আমি মরব। তবুও আমার জমির ওপর দিয়ে সড়ক নির্মাণ করতে দেব না।