পুটখালী সীমান্তে গরু ব্যবসায়ীকে হত্যা করেছে বিএসএফ
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:৫১
বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে গত রবিবার ভোর রাতে সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। এলাকাবাসী জানান, রবিবার রাত ১টায় ৫/৬ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু আনার জন্য ভারতের আংরাইল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় সেখানে টহলরত বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের তাড়া করে সিরাজুল ইসলামকে ধরে পিটিয়ে হত্যা করে বাংলাদেশের পুটখালী সীমান্তে ফেলে চলে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নিহত সিরাজুল ইসলাম যশোরের ঝিকরগাছা থানার কাইমকোলা গ্রামের সিদ্দিকের পুত্র। বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর প্রেরণ করেছে।