খোলা বাজারে পুলিশি সরঞ্জাম বিক্রি প্রসঙ্গে

সাম্প্রতিক সময়ে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, অপহরণ এমনকি খুন গুমের মতো মারাত্মক অপরাধ ঘটার কারণে দেশজুড়ে উদ্বেগ আতঙ্ক দেখা দিয়েছে। এহেন পরিস্থিতিতে পত্রিকান্তরে জানা যাচ্ছে যে, খোলা বাজারে পুলিশি সরঞ্জাম বিক্রির বিষয়ে নাকি সরকারিভাবে সারাদেশে ১০৩টি দোকানকে অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী এলাকায় এ ধরনের অনেক দোকান আছে। ঐসব দোকানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক, হ্যান্ডক্যাপ, মনোগ্রাম, নেমপ্লেট, ব্যাজ, বাঁশি, কাপ, বেল্ট, জুতা, পিস্তল রাখার কভার, র্যাঙ্ক বেইজ প্রভৃতি এমনকি বুলেটপ্রুফ জ্যাকেট, বুলেটপ্রুফ হেলমেট পর্যন্ত বিক্রি হচ্ছে। সরকারি অনুমোদিত দোকানের বাইরে অনুমোদহীন দোকানেও নাকি এসব সরঞ্জাম পাওয়া যাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় ও কার্ড দেখে বিক্রির নিয়ম থাকলে ভুয়া আইডি দিয়েও যে কেউ ক্রেতা হতে পারে। এ অবস্থায় পেশাদার অপরাধীরা এসব সরঞ্জাম কিনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে গাড়িতে পুলিশ লেখা স্টিকার লাগিয়ে ছিনতাই, ডাকাতি, অপহরণ, গুম, খুনের মত অপরাধজনক ঘটনা ঘটার সুযোগ পাচ্ছে। আর তাই খোলা বাজারে পুলিশি সরঞ্জাম বিক্রির অনুমোদন বাতিলসহ সংশ্লিষ্ট দপ্তর ছাড়া এমন সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জনৈক নাগরিক মীরসরাই, চট্টগ্রাম