আজ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আজ মঙ্গলবার শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি তার সৃজনশক্তি, উত্কর্ষতা ও পরিশীলিত বোধ এবং শিল্পমনীষা দ্বারা দেশের চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীদের পক্ষ থেকে শিল্পগুরুর সমাধিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। বাংলাদেশের ছাপাই ছবির পথিকৃত্ শিল্পী সফিউদ্দিন আহমেদ ১৯২২ সালে ভারতের কলকাতায় জন্মগ্রহণ এবং ২০১২ সালের ২০ মে ঢাকায় ইন্তেকাল করেন। ১৯৪৫ সালে কলকাতা অ্যাকাডেমি অব ফাইন আর্ট প্রদত্ত অ্যাকাডেমি প্রেসিডেন্ট পদক, ১৯৪৭ সালে ভারতের পাটনার শিল্পকলা পরিষদ প্রদত্ত ‘দ্বারভাঙ্গা মহারাজার স্বর্ণপদক’, ১৯৬৩ সালে পাকিস্তান সরকার প্রদত্ত ‘প্রেসিডেন্ট পদক’, ১৯৭৮ সালে ‘একুশে পদক’ এবং ১৯৯৬ সালে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ লাভ করেন। ১৯৪৮ থেকে ’৭৯ পর্যন্ত তিনি ঢাকার চারুকলা ইনস্টিটিউটে ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। ২০০৮ সালে ৮৬তম জন্মবার্ষিকীতে বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের উদ্যোগে বাংলাদেশে তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১০ সালের ডিসেম্বর মাসে তার সৃষ্টিসমগ্র নিয়ে ‘শিল্পের অশেষ আলো’ শিরোনামে দুই পর্বে দুইটি প্রদর্শনী আয়োজিত হয়।