পদত্যাগ না করার সিদ্ধান্ত থাইল্যান্ড সরকারের

পদত্যাগের সম্ভাবনা নাকচ করেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিউয়াত্তামরং এর সরকার। ডেমোক্র্যাটপন্থি বিক্ষোভকারীরা টানা কয়েক মাস ধরে তার অপসারণ এবং নতুন প্রশাসন গড়ার জোর দাবি জানিয়ে আসছে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৭ মে সাংবিধানিক আদালতের নির্দেশে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও ৯ মন্ত্রীর পদত্যাগের পর থাইল্যান্ডে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হয়েছে। ইংলাকের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন বাণিজ্যমন্ত্রী নিউয়াত্তামরং বুনসংপাইসান। কিন্তু সরকার বিরোধী বিক্ষোভকারীরা বলছে, তার কোনো বৈধতা নেই এবং সংস্কার কাজ চালানোর জন্য তারা একটি ‘নিরপেক্ষ’ সরকার চায়। নিউয়াত্তামরং সিনেটের সদস্যদের সঙ্গে জানিয়ে দিয়েছেন যে, তার সরকার পদত্যাগ করবে না। বৈঠকের পর এক বিবৃতিতে ভারপ্রাপ্ত এ প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান মন্ত্রিসভা প্রতিটি দিক থেকেই বৈধ। নতুন মন্ত্রীরা নির্বাচিত না হওয়া পর্যন্ত এ মন্ত্রিসভা থাকতে হবে। ভারপ্রাপ্ত একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা আরেকজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারি না।’