বিহারের মুখ্যমন্ত্রী পদে না ফেরার পক্ষে অনড় নীতিশ কুমার

বিহারের মুখ্যমন্ত্রী পদে আর ফিরছেন না জনতা দল (ইউনাইটেড) এর নেতা নীতিশ কুমার। লোকসভা নির্বাচনে ফল বিপর্যয়ের দায় মাথা নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যান তিনি গত শনিবার। কিন্তু তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানায় তার দল। কিন্তু তিনি দলীয় বিধায়কদের অনুনয় ও আবেদন দুরে সরিয়ে দিয়ে গতকাল সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। তাই আর ফেরা সম্ভব নয়। তিনি আবেগের বশে পদত্যাগ করেননি বলে উল্লেখ করে বলেন, নৈতিক তাড়নায় তিনি পদত্যাগ করেছেন। তাই মুখ্যমন্ত্রীর চেয়ারে আবার ফিরে এসে বিবেকের কাছে আত্মসমর্পণ করতে পারবেন না। নীতিশ না ফেরার কথা ঘোষণা করার পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন জিতান রাম মাঝি। তিনি নীতিশ কুমারের ঘনিষ্ঠ বলে পরিচিতি। লোকসভা নির্বাচনে খারাপ ফল করার পর নীতিশ বলেছিলেন, পদত্যাগের সিদ্ধান্ত মন থেকে নিয়েছি। এই সিদ্ধান্ত সবাইকে বুঝতে হবে। এই ভোটে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইতিপূর্বে হয়নি। এই নির্বাচনে যা ঘটেছে তার নৈতিক দায় আমার। মানুষের রায়ে রাজ্য বিধানসভায় দায়িত্বে এসেছে জেডি(ইউ)। সেই বিধানসভা ভেঙে দেওয়ার অধিকার আমার নেই। তাই নিজেই পদত্যাগ করেছি। মুখ্যমন্ত্রীর পদ জনগণের পক্ষ থেকে আমার উপহার, অধিকার নয়।