মুন্সীগঞ্জে লঞ্চডুবির ঘটনায় আরো ১ লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২৩:১০
মেঘনায় ডুবে যাওয়া লঞ্চ এমভি মিরাজ-৪ এর আরেক হতভাগ্য পুরুষ যাত্রীর লাশ ভাসমান অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ। গজারিয়া উপজেলার দৌলতপুরে দুর্ঘটনাস্থলের আধা কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়ালো ৫৭। গজারিয়া থানার ওসি মো. ফেরদৌস হোসেন জানান, স্থানীয়রা লাশটি মেঘনা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনও লাশটির পরিচয় পাওয়া যায়নি।
এদিকে গত রবিবার রাতে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি নড়িয়া থানার নন্দনসার গ্রামের মো. হাকিম হালদারের ছেলে কাঞ্চন হালদার (৩৫)। রবিবার রাতেই স্বজনরা তার লাশ বুঝে নিয়েছে। লাশটি দুর্ঘটনাস্থলের প্রায় ১ কিলোমিটার দক্ষিণে কালীপুরার কাছে মেঘনা নদীতে লাশটি ভেসে উঠলে পুলিশ লাশটি উদ্ধার করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লঞ্চটি এখনো দুর্ঘটনাস্থলের পাশেই ভেসে আছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। কোস্টাগার্ড ও পুলিশ নদীতে লাশের সন্ধান চালাচ্ছে বলে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান।
উল্লেখ্য, জেলার গজারিয়া উপজেলার দৌলতপুরের কাছে গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ দুই শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় ডুবে যায়। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাচ্ছিল।