স্বৈরশাসনের চেয়েও জঘন্য শাসন চলছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে স্বৈরশাসন চলছে। আর এই স্বৈরশাসন সামরিক স্বৈরশাসনের চেয়েও জঘন্য এবং ভয়ংকর। কারণ সামরিক স্বৈরশাসকরা সবসময় জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে জোর করে শাসন করে। তেমনি আওয়ামী লীগও জোর পূর্বক ক্ষমতা দখল করে জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। তিনি বলেন, র্যাব একসময় অনেক ভালো ভালো কাজ করেছিল। আমরা র্যাব গঠন করেছিলাম জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে। র্যাব সে ক্ষেত্রে সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে র্যাবকে দলীয় কাজে ব্যবহার করেছে। তারা র্যাবকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। তাই এখন আর র্যাবের প্রয়োজন নেই। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুবদল ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। সারাদেশে অব্যাহত গুম-খুন-অপহরণ এবং নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। যুবদল ঢাকা মহানগরী দক্ষিণের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমেদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতুল্লাহ বুলু, এ্যাডভোকেট আব্দুস সালাম, শফিউল বারী বাবু, হাবিবুর রশিদ হাবিব, মীর নেওয়াজ আলী নওয়াজ, এসএম জাহাঙ্গীর প্রমুখ। মির্জা ফখরুল বলেন, হত্যা, খুন, গুম নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত রয়েছে। নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের সঙ্গে র্যাব অর্থের বিনিময়ে জড়িত- এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। র্যাব বিলুপ্ত করার প্রয়োজন নেই আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জীবন রক্ষার পরিবর্তে জীবন হরণকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে র্যাব। আজকে র্যাবকে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, তাই র্যাবের প্রয়োজন নেই।