কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে খুলনায়
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২৩:৩৪
দেশে কৃষি শিক্ষার বিস্তার ঘটাতে খুলনায় একটি নতুন কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৪’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুঁইয়া প্রেস ব্রিফিংয়ে বলেন, ২০১১ সালের ৫ মার্চ খুলনা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন, মন্ত্রিসভা ২০১১ সালের অক্টোবরে কয়েকটি পর্যবেক্ষণসহ নীতিগতভাবে এ আইনের খসড়া অনুমোদন করেছিল। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে খুলনায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া শাখা সমপ্রসারণ, অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সুবিধাসহ পরিচালনা পরিষদ সমপ্রসারণের বিধান রেখে ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন-২০১৪’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর ফলে রাজশাহী এবং রংপুর বিভাগে ব্যাংকটির কার্যক্রম আরো সমপ্রসারিত হবে। এ আইনে কৃষি এবং ক্ষুদ্র কৃষকদের সংজ্ঞা বিস্তৃত করার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে প্রক্রিয়াজাতকরণ মাছ ও পশু পণ্যকে কৃষি কর্মকাণ্ডের অংশ এবং জেলেদের পাশাপাশি পশু পণ্য ও পোলট্রি উত্পাদনকারীদের ক্ষুদ্র কৃষক হিসেবে গণ্য করা হবে।
মোশাররফ হোসাইন ভুঁইয়া বলেন, ব্যাংকের কার্যক্রম সম্প্রসারিত হওয়ার কারণে ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১১ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকের একটি পদ সৃষ্টির প্রস্তাব আইনের খসড়ায় উল্লেখ রয়েছে। তিনি বলেন, ব্যাংকের নতুন শাখা খোলার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ও অনলাইন সেবা প্রবর্তনের মাধ্যমে এর কার্যক্রম সমপ্রসারিত করা হবে। এছাড়া বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের গত ২০ থেকে ২৬ এপ্রিল জাপান সফরের বিষয়টি মন্ত্রিসভাকে অবহিত করা হয়।