বিএনপির গুপ্তচর নূর হোসেন
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২৩:৩৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন বলেছেন, নূর হোসেন বিএনপির গুপ্তচর হিসেবে আওয়ামী লীগে প্রবেশ করে পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই সত্য একদিন সবার সামনে বেরিয়ে আসবে। তাই এ নিয়ে বিএনপির লাফালাফি করে কোন লাভ হবে না। রাজধানীর সেগুনবাগিচায় খাজা নাজিমুদ্দিন মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি নেতাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই বিএনপি নানা প্রচারণা চালিয়ে বলে—বাংলাদেশ ভারত হয়ে যাবে। এখন বিএনপির আস্ফাালনের কারণটা আমরা বুঝতে পারছি না। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করে না। অথচ ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার নিয়ে উল্লাস করছে। বিজেপি নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অতীতের মতো বিজেপির সাথে সু-সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আস্থার সাথে ২ দেশের যেমন গঙ্গার পানি বণ্টনের চুক্তি হয়েছে ঠিক তেমনিভাবে তিস্তার চুক্তিও সফল হবে।