গোপনে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে :বাবুনগরী
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২৩:৩৬
হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আওয়ামী সরকার গোপনে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছে। সরকার রাষ্টযন্ত্র আর দলবাজ মিডিয়া ব্যবহার করে দেশের হক্কানী-রব্বানী ওলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচার চালানোর পাশাপাশি বিভিন্নভাবে দরবারী আর পেট পুঁজারী আলেমদের দিয়ে কওমী মাদ্রাসা এবং আলিয়া মদ্রািসা থেকে ইসলামী শিক্ষা তুলে দেয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
এক বিবৃতিতে গতকাল সোমবার তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এভাবে চুপচাপ বসে থাকলে এই দেশে ইসলামী তাহজীব-তামাদ্দুন রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।