শিক্ষকের কথা

স্কুল কলেজে গণমাধ্যম বিষয়ক পাঠ থাকা দরকার

মিরাজ। পুরো নাম মাহবুব আলম। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টানেটিভে। গণমাধ্যমের বর্তমানের হালচাল এবং ভবিষ্যত নিয়ে তিনি বলেন, অনলাইন হুমকি হতে পারে পত্রিকার জন্য। সম্প্রতি শত বছরের পুরনো নিউজ উইক পত্রিকা তাদের কাগজের ভার্সন বন্ধ করে দিয়েছে। চালু করেছে অনলাইন সংস্করণ। তিনি বলেন, আমাদের দেশের দৈনিক সংবাদপত্রগুলো সেই প্রস্তুতি অনেকটা সেরে রেখেছে। অনলাইন গণমাধ্যমের নীতিমালা নিয়ে তিনি বলেন, বিশ্বের কোথাও অনলাইন গণমাধ্যম নীতিমালা নেই। তাই আমার মনে হয় না এই নীতিমালা দরকার আছে। দেশে গণমাধ্যমের স্বাধীনতা আছে। তবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে মনে রাখতে হবে যেন স্বাধীনতার অপব্যবহার করা না হয়। গণমাধ্যমের এই শিক্ষক বলেন, আমি মনে করি স্কুল, কলেজে গণমাধ্যম বিষয়ক পাঠ থাকা দরকার। বিভিন্ন ফোরামে আমি বিষয়টি উপস্থান করেছি। যেহেতু গণমাধ্যম বিষয়টির সঙ্গে যোগাযোগ সম্পর্কিত তাই যোগাযোগ বিষয়টিও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার।