বারহাট্টা সড়কে জলাবদ্ধতা পথচারিদের দুর্ভোগ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কের বারহাট্টা ডাক বাংলোর সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে পানি জমে যানবাহন, পথচারীদের চলাচলে দুর্ভোগের শিকার হতে হয়। মোহনগঞ্জ-নেত্রকোনা সড়ক জেলার গুরুত্বপূর্ণ সড়ক। ওই সড়ক দিয়ে প্রতিদিন জেলার বারহাট্টা, খালিয়াজুরি, আটপাড়া, পার্শ্ববর্তী সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জের হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহনে করে চলাচল করেন। জেলা সদর ছাড়াও রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে চলাচল করে অসংখ্য বাস-ট্রাক। গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহালদশা বিরাজ করছে বেশ কিছুদিন ধরে। সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সদর উপজেলার ঠাকুরাকোণা থেকে মোহনগঞ্জ পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। গত শুক্রবার সামান্য বৃষ্টিতে জেলার বারহাট্টা উপজেলা সদরে সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের অদূরে ডাক বাংলোর সামনে সড়কের ওপর হাঁটু পানি জমে গেছে। ওই পানি মারিয়ে পথচারী, এলাকাবাসী ও যানবাহনে করে গতকাল শুক্রবার দিনভর চলাচল করতে হয়েছে। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান সড়কের দূরবস্থার কথা স্বীকার করে বলেন, সড়কটির দু’পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কিছুদিনের মধ্যে ড্রেন নির্মাণ করার কাজ শুরু হবে। তখন আর এ অবস্থা থাকবে না।