চাঁদপুরে নিজ ঘরে মুক্তিযোদ্ধা খুন

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে পাটওয়ারী বাড়িতে মঙ্গলবার দুপুরে হাত-পা বাঁধা অবস্থায় মুক্তিযোদ্ধা আবদুল মালেক নান্নু পাটওয়ারীর (৬৫) লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। সোমবার রাতে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ জানায়, শহরের কোড়ালিয়া রোডে মৃত নূর পাটওয়ারীর ছেলে নান্নু পাটওয়ারী শহরের কালীবাড়ী এলাকা থেকে রাত ১১টায় বাড়িতে ফিরে। সকাল ৯টায় নির্মাণ শ্রমিকরা কাজের সরঞ্জামাদি আনতে নান্নু পাটওয়ারীকে ডাক দেয়। কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে হাত পা-বাঁধা লাশ দেখে শ্রমিকরা। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ কাইয়ুম জানান, খুনের বিষয়ে কোন মন্তব্য করতে পারবো না। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।