বিভিন্নস্থানে সাত খুন
প্রকাশ : ২০ মে ২০১৪, ২১:৫২
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
দৌলতপুরে ছেলের হাতে পিতা খুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী দাউদের মোড় গ্রামে গত সোমবার রাতে ছেলের হাতে পিতা খেদবার মোল্লা (৪৭) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুদের উপর টাকা কর্জ নেয়াকে কেন্দ্র করে পিতা খেদবার মোল্লার সাথে তার ছেলে শিপনের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে শিপন বাঁশ দিয়ে তার পিতাকে পেটায়। মাথায় আঘাত পেয়ে খেদবার মোল্লা মাটিতে লুটিয়ে পড়ে। তাকে প্রথমে দৌলতপুর হাসপাতালে পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পর রাত ১১টায় চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, এ ঘটনায় খেদবার মোল্লার মামাতো ভাই আ. মালেক বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। ঘটনার পর আসামি শিপন পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
হবিগঞ্জে গৃহবধূর মৃত্যু
হবিগঞ্জ সদর উপজেলার বলভারচক গ্রামে গতকাল মঙ্গলবার সকালে স্বপ্না আক্তার (২৮) নামে এক গৃহবধূ বিষাক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বপ্নার স্কুল পড়ুয়া মেয়ে তারিন জানায়, প্রায়ই বাবা তার মাকে মারধর করতো। মঙ্গলবার সকালে মাকে তার বাবা বেধড়ক পেটায়। এ ঘটনার পর তারিন স্কুলে চলে যায়। কিছু সময় পর বাবা বাড়ি আসতে খবর দিলে সে স্কুল থেকে চলে আসে। এরপর তার দাদা-চাচারা মাকে হাসপাতালে নিয়ে আসে। মায়ের লাশ ফেলে দাদা চাচা পালিয়ে যায়। বাবা আগেই পালিয়ে গেছে।
শ্যামনগরে গলা কাটা লাশ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর থেকে গতকাল মঙ্গলবার সকালে মোহাম্মাদ হোসাইন (২২) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বড়কুপট গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে।
শ্যামনগর থানার ওসি ছগির মিঞা জানান, ধারণা করা হচ্ছে, গত রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে হাত-পা বেঁধে বিলের মধ্যে ফেলে রাখে।
নড়িয়ায় কলেজ ছাত্র খুন
শরীয়তপুরের নড়িয়ায় গত সোমবার রাত ৯টায় সরকারি কলেজের ছাত্র কামরুল হাছান রানাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নড়িয়া থেকে বাড়ি যাওয়ার পথে গোলাম মাওলা ব্রিজের উপর উত পেতে থাকা দুর্বৃত্তরা রানাকে পিটিয়ে আহত করে। স্থানীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাহুবলে মাছ ব্যবসায়ী খুন
হবিগঞ্জের বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে চোরের স্বজনদের হামলায় শুকুর আলী নামে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, শুকুর আলীর বাড়িতে চুরির সময় এক চোরকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে চোরের পরিবারের লোকজন শুকুর আলীর বাড়িতে হামলা চালালে শুকুর আলী গুরুতর আহত হন। সকালে শুকুর আলীকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
মহেশপুরে লাশ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়োপাড়া বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে দিলদার আলী (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও থানা জানায়, দিলদার আলী গত রবিবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজনের দাবি তাকে বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
মহেশপুর থানার এসআই রইচ উদ্দীন জানান, লাশের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মোবাইলটি পাওয়া যাচ্ছে না। মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বোদায় দিনমজুরের রহস্যজনক মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলার খালপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার ইলিয়াজ (২৮) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা সোলায়মানকে আটক করা হয়েছে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত ইলিয়াজ সোলায়মান আলীর বাড়িতে দিনমজুরের কাজ করতো। শারীরিক অসুস্থতার কারণে গত সোমবার কাজে যেতে দেরি হলে গৃহকর্তা তাকে মারধর করে। মারধরের ভয়ে গতকাল মঙ্গলবার সে কাজে না গিয়ে পাশের এক বাড়িতে লুকিয়ে থাকে। সোলায়মান আলী ওই বাড়ি থেকে ইলিয়াজকে টেনে হেঁচড়ে নিজ বাড়িতে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর ইলিয়াজ আলী মারা যান।
ইলিয়াজের স্ত্রী মারুফা জানান, গৃহকর্তা সোলায়মান তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। বোদা থানার ওসি মজনুর রহমান জানান, ইলিয়াজের স্ত্রী মারুফা বাদি হয়ে সোলায়মানের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেছে।