সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২০ মে ২০১৪, ২১:৫২
পাবনা মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন
পাবনা প্রতিনিধি \ পাবনা মেডিক্যাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা শিক্ষক সমস্যা সমাধান এবং নিজস্ব হাসপাতাল, আবাসন ও পরিবহন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছে গতকাল মঙ্গলবার। শিক্ষার্থীরা জানায়, বর্তমানে কলেজে প্যাথলজি, মাইক্রোবায়োলজিসহ বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট রয়েছে। নিজস্ব কর্মচারী না থাকায় মানসিক হাসপাতালের কর্মচারীদের দিয়ে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করায় নানাবিধ জটিলতার সৃষ্টি হচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে আবাসন ও পরিবহন সমস্যা সমাধান এবং নিজস্ব হাসপাতাল নির্মাণের দাবি জানায়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- আবু তোরাব মীম, সৌমিত্র সিনহা, আল আমিন প্রমুখ।
মহালছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা
মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা \ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ই-সার্ভিস ইনোভেশন অ্যাওয়ার্ড ২০১৩ উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমার সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোল্লা মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী ও কাকলী খীসা। ডিজিটাল মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণমূলক প্রদর্শনীসহ ১০টি স্টল বসানো হয়েছে।
বেনাপোলে বন্দর ব্যবহারকারীদের সাথে কাস্টমস ও বিজিবির বৈঠক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যা ও বন্দর থেকে খালাসকৃত মালামাল মাঝপথে বিজিবি কর্তৃক তল্লাশির ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে বেনাপোল বিজিবি কম্পানি সদর দফতরে বিজিবি, কাস্টমস ও বন্দর ব্যবহারকারী সংগঠন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত-বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম ও কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান। ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিজিবির সেক্টর কমান্ডার মিজানুর রহমান, ২৩ বিজিবির কমান্ডিং অফিসার মোস্তাফিজুর রহমান, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, সাবেক সভাপতি শামছুর রহমান, খাইরুজ্জামান মধু, মহসিন মিলন, জামাল হোসেন। সভায় সম্মিলিতভাবে চোরাচালান প্রতিরোধে আমাদানি পণ্য তল্লাশির সময় অ্যাসোসিয়েশনের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত, বন্দর এলাকায় যানজট নিরসনে ট্রাফিকিং ব্যবস্থা জোরদারের বিষয়ে একমত পোষণ করা হয়।
হবিগঞ্জে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
হবিগঞ্জ প্রতিনিধি \ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় হবিগঞ্জে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলস্থ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তারেকুল ইসলাম খান পিএসসি এবং ভারতের পক্ষে ছিলেন তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি রাজিব সিনহা। বৈঠকে সম্প্রতি ভারতের ত্রিপুরায় চুনারুঘাটের ৩ নাগরিককে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করা হয়। এছাড়াও মাদকসহ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ-এর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। এসময় বিএসএফ পক্ষে সীমান্তের তারকাঁটার বেড়া বিনষ্ট না করার দাবি জানানো হয়।
গলাচিপায় উপবৃত্তির টাকা অত্মসাতের অভিযোগ
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপা উপজেলার কালারাজা হাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা অত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ছাত্র-ছাত্রীরা লিখিত অভিযোগ করে। ২৭ এপ্রিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে অগ্রণী ব্যাংক গলাচিপা শাখার কর্মকর্তারা ছাত্র-ছাত্রীদের হাতে টাকা তুলে দেয়। পরে মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও আরবী বিভাগের প্রভাষক মো. সোলাইমান শিক্ষার্থীদের বলেন অফিসারদের আসা-যাওয়া ও অন্যান্য খরচের জন্য টাকা দিতে হবে। শিক্ষার্থীরা টাকা দিতে অস্বীকার করলে অধ্যক্ষ তাদের মাদ্রাসা থেকে নাম কেটে দেয়ার হুমকি দেন। পরে জনপ্রতি ৩শ’ থেকে ৫শ’ টাকা করে ৬০ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ত্রিশ হাজার টাকা আদায় করে অধ্যক্ষ আত্মসাত্ করেন। অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, সেশন ফি বাবদ কয়েক জনের কাছ থেকে দুই একশ’ টাকা আদায় করা হয়েছে।
নেত্রকোনায় প্রবীণদের অধিকার রক্ষায় কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি \ গণমাধ্যমও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের প্রবীণদের অধিকার রক্ষা বিষয়ক (ক্লেইম) এক কর্মশালা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন বারসিক আয়োজিত এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প পরিচিতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন এডিএম আব্দুর রহিম, এডিসি ইউসুফ আলী, নেত্রকোনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের সম্পাদক ছায়েদুর রহমান, লোক সাহিত্য গবেষক গোলাম এরশাদুর রহমান, মহিলা পরিষদের সম্পাদক রেহেনা সিদ্দিকী, বারসিকের তৌহিদরি রহমান এবং বারসিকের নেত্রকোনা জেলা সমন্বয়কারী শংকর দ্রং।
চরফ্যাশনে কন্যা শিশুদের নিরাপত্তা বিষয়ক সভা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা \ শিশু বিবাহ এবং কন্যা শিশুদের নিরাপত্তা বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা গতকাল মঙ্গলবার সকালে চরফ্যাশন উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফ’র অর্থায়নে এবং চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র আয়োজনে আয়োজিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন ডাঃ মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, কাজী মাওলানা হারুন অর রিশদ, ইউনিসেফ’র কমিউনিকেশন অফিসার শঞ্জিত কুমার দাস, মাওলানা আবু নাছের প্রমুখ।
কালীগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির কমিটি গঠন
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ অনাড়ম্বর আনুষ্ঠানিকতা আর বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো গাজীপুরের কালীগঞ্জে গঠিত হলো ডেকোরেটর মালিক সমিতির কমিটি। গতকাল মঙ্গলবার উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন মুনশুরপুরে এ কমিটি গঠন করা হয়। ঊর্মি ডেকোরেটরের স্বত্বাধিকারী মো. ইব্রাহীম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভাওয়াল ডেকোরেটরের মালিক মো. ছবির মিয়া। এ সময় বক্তব্য রাখেন- প্রদীপ কুমার দে, জয়নাল মোল্লা, আব্দুল গাফফার, আব্দুস সোবহান, আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম, সাঈদ হোসেন প্রমুখ। পরে মো. ইব্রাহীম খন্দকার সভাপতি, সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক, খোরশেদ আলম সাংগঠনিক সম্পাদক ও রঞ্জন গমেজকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
দাউদকান্দিতে জেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার দাউদকান্দি উপজেলার শিক্ষকদের উদ্যোগে কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহানা পারভিন, দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, রায়পুর কে সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম দেলোয়ার হোসেন, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক লিয়াকত আলী ও জসীম উদ্দীন।
টাঙ্গাইলের ডিসি’র সাথে সুশীল সমাজের মতবিনিময়
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে টাঙ্গাইলের নবাগত ডিসি মোঃ মাহবুব হোসেনের সাথে ঘাটাইলের সুশীল সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহি উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আজমল হোসেন, সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী মিয়া, অধ্যক মোঃ শামছুল আলম মনি, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম হেস্টিংস, প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুজ্জামান মিঞাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
পাথরঘাটায় সিপিপি স্বেচ্ছাসেবকদের মধ্যে সাইকেল বিতরণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি \ জার্মান ডেভলপমেন্ট কোয়াপারেশনের অর্থায়নে কোস্টাল লাভলীহুড এ্যাডাবটেশন প্রোগ্রামের আওতায় ইনসিডিন বাংলাদেশ পাথরঘাটায় সাইক্লোন পিপারনেস প্রোগ্রাম (সিপিপি) সেচ্ছাসেবক টিম লিডার ৩৫ জনকে একটি করে বাইসাইকেল ও গামবুট বিতরণ করেছেন গতকাল মঙ্গলবার। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন। অনুষ্ঠানে সিপিপি উপজেলা দলনেতা অলিউল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জার্মান ডেভলপমেন্ট কোয়াপারেশনেরর প্রতিনিধি হারুন আল রশিদ, সিপিপি উপ-পরিচালক প্রসাশন ঢাকা বশির আহম্মেদ, ইনসিডেন বাংলাদেশ প্রকল্প সমন্বয়কারী রিয়াজুল ইসলাম ও পাথরঘাটা সিপিপি কর্মকর্তা আঃ লতিফ।
হোমনায় ডিজিটাল মেলা উপলক্ষে প্রসাশনের সভা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলায় প্রথমবারের মত ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন উপলক্ষে উপজেলার মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে প্রশাসনের প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ইউএনও আহমেদ জামিলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবন, উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, অধ্যক্ষ মো. কামাল হোসেন, সহকারী শিক্ষক সাঈদুর রহমান প্রমুখ।
পুঠিয়ায় দুই ইউনিয়নে ভোট গ্রহণ ২ জুন
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা \ পুঠিয়া, উপজেলার পুঠিয়া ও জিউপাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রতীক বরাদ্দের পর ১২৯ পদপ্রার্থী ভোটযুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছেন। পুঠিয়া পৌরসভার সীমানা নির্ধারণ জটিলতায় আদালতে মামলা নিষ্পত্তি হওয়ায় দেড় যুগ পর ২ জুন ঝুলে থাকা এ দু’টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। জানা গেছে, পুঠিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য ৪১, সংরক্ষিত মহিলা আসনে ৯, মোট ৫৪ জন ভোটযুদ্ধে নেমেছেন। এই ইউনিয়নে মোট ভোটার ১০,২৮৫ জন। অপরদিকে জিউপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সাধারণ সদস্য ৫৫, সংরক্ষিত মহিলা আসনে ১৪, পদপ্রার্থী মোট ৭৫, মাঠে রয়েছেন ভোট যুদ্ধে।
ঠাকুরগাঁওয়ে পর্যটন সম্ভাবনা বিষয়ে গণসংলাপ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার লোকজ সাহিত্য, প্রত্নসম্পদ ঐতিহাসিক নিদর্শন ও পর্যটন সম্ভাবনা বিষয়ে গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার।জেলা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে গণসংলাপে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মুহম্মদ আবদুল জলিল, অধ্যাপক ড.ওসমান আলী, রাণীংশকৈল উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, সাপ্তাহিক উত্তর কথার সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে ইমাম বুলবুল প্রমুখ।
আদমদীঘিতে ফেনসিডিল ও জিরাসহ গ্রেফতার ২
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে বগুড়া ৪ ব্যাটালিয়ান ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল ফেনসিডিল ও ১৬৭ প্যাকেট জিরা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করেছেন। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনীর জুয়েলের স্ত্রী ঝর্ণা বেগম ১০ বোতল ফেনসিডিল নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্দেশে বহনের সময় সান্তাহার কলেজ রোডে চা-বাগান মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে পুলিশ ফেনসিডিলসহ ঝর্ণাকে আটক করে। অপরদিকে সান্তাহার হার্ভে রোড এলাকার আশরাফ আলী গামার পুত্র আবুল কালাম আজাদ (২৮) গত সোমবার ১৬৭ প্যাকেট জিরা বহনের সময় বগুড়া ৪ ব্যাটালিয়ান র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে ছাতিয়ানগ্রাম রোডে বাবলুর ইটের ভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ হাজার ১ শ’ টাকা মূল্যের জিরাসহ তাকে আটক করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নিরাপত্তা শীর্ষক মতবিনিময় সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নিরাপত্তায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ কর্মসূচির আওতায় প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ব্র্যাক সড়ক নিরাপত্তা বিষয়ক ম্যানেজার মশিউর রহমান, সিনিয়র সোস্যাল কমিউনিকেটর মিজানুর রহমান, সোস্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।
গোপালপুরে তিন শতাধিক প্রতিবন্ধীকে চিকিত্সা প্রদান
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গোপালপুর উপজেলা বুদ্ধি প্রতিবন্ধী পরিষদ এবং সিআরপি সাভার-এর যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার তিন শতাধিক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়। পৌর শহরের সূতিভিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চিকিত্সা শিবিরে সিআরপির বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে সিটিজেন চার্টার ওয়াকিং গ্রুপের সভা
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটিজেন চার্টার ওয়াকিং গ্রুপের সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজা মুহাম্মদ আব্দুল হাই। বক্তব্য রাখেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, সমাজকর্মী আব্দুস সালাম বকুল, সাংবাদিক এস. এম শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
উলিপুরে হাইব্রিড ভুট্টা কর্তন অনুষ্ঠান
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় সাহেবের আলগা ইউনিয়নের চর গুজিমারী ব্লকে হাইব্রিড প্যাসেফিক-৯৯৯ সুপার ভুট্টা কর্তন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি ব্যবস্থাপক নেওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, উপ-সহকারী কৃষি অফিসার মাহফুজার রহমার, ব্র্যাকের টেকনিক্যাল এ্যাসিসটেন্ট আনন্দ কুমার মজুমদার, শামীম রানা প্রমুখ।