‘কংগ্রেসে সংস্কার জরুরি’
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:০০
ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর দেশটির অধিকাংশ গণমাধ্যম মনে করছে, এ অবস্থা থেকে উত্তরণে তাদেরকে এখন দল গোছানোর কাজেই বেশি গুরুত্ব দেয়া উচিত। তাদের উচিত অতীতের ভুল শুধরে সামনের দিকে এগিয়ে চলা। আর এক্ষেত্রে তাদের অনেক সংশোধনীমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এ পরাজয় থেকে শিক্ষা নিয়ে তাদের দ্বিগুণ উত্সাহে সামনে চলা উচিত। টাইমস অব ইন্ডিয়া জানায়, গান্ধী-নেহেরু পরিবারকে এজন্য দলকে আরো গতিশীল করতে হবে। তাদেরকে আরো তীক্ষ্ম পথচলা ও মতাদর্শগত দিক থেকে পুনর্গঠিত হতে হবে। পরিবারতন্ত্র থেকে বেরিয়ে এসে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। ঐতিহ্যময় এ দলটিকে সুসংগঠিত করতে এসবের কোন বিকল্প নেই। নির্বাচনের ফল প্রকাশের পর সোমবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী দল থেকে পদত্যাগ করতে চাইলে কংগ্রেস তাতে বাধ সাধে। অবশ্য এ সভায় কংগ্রেসের কার্যকরি কমিটির অনেকেই সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে দলের নেতৃত্ব গ্রহণের আহবান জানান। হিন্দুস্তান টাইমস জানায়, এক গান্ধী থেকে আরেক গান্ধীর পরিবর্তন বর্তমান সমস্যার কোন সমাধান নয়। কংগ্রেস মূলত টার্মিনাল ছাড়া হয়ে গেছে ; এ থেকে তাদেরকে উত্তরণ ঘটাতে হবে। তাদের প্রয়োজন এখন বড় ধরনের সংস্কার।
উল্লেখ্য, এ লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৪৪ আসনে জয় পেয়েছে টানা ১০ বছর ক্ষমতায় থাকা কংগ্রেস। এটা ভারতের প্রাচীনতম দলটির ইতিহাসে সবচেয়ে খারাপ ফল।