সংবাদ কণিকা

শিশু পতিতাবৃত্তির বিরুদ্ধে লড়াই ‘তোমার জীবন বদলাও’ —শ্লোগানকে সামনে রেখে ব্রাজিলে চলছে অন্যরকম এক লড়াই। বিশ্বকাপের সময় ৬ লক্ষের মতো পর্যটক যাবেন ব্রাজিলে। তাদের একটা অংশ অপ্রাপ্তবয়স্ক পতিতাদের দিকে ঝুঁকবে। তাই শুরু হয়েছে কম বয়সি পতিতা সরানোর কাজ। ‘ভিরা ভিডা’, অর্থাত্ ‘তোমার জীবন বদলাও’ নামের বেসরকারি সংস্থাটি এ কাজই করছে সারা দেশে। সংস্থার কর্মী আদ্রিয়ানা ডি মোরাইস গভীর রাতে নামছেন রাস্তায়। তার সঙ্গে আছে টাইনা। টাইনার বয়স এখন ১৮। ব্রাজিলে ১৮ বা তার বেশি বয়সি মেয়েদের জন্য পতিতাবৃত্তি আইনগতভাবে স্বীকৃত। তবে টাইনা এখন এ পেশায় নেই। যৌন নিপীড়নের শিকার হওয়ার পর ১০ বছর বয়সেই ঘর ছেড়েছিল সে। — ডয়চে ভেলে শুক্রাণুতে অস্বাভাবিকতা থাকলে... খারাপ স্বাস্থ্যের শুক্রাণু আয়ু বেশ কয়েকবছর কমিয়ে দিতে পারে, এক গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় এমন ইঙ্গিত মিলেছে। গবেষক দল প্রধান স্টানফোর্ডের ইউরোলজি বিষয়ের অধ্যাপক মিখায়েল আইসেনবার্গ বলেন, “এটি হতে পারে যে সব লোকের শুক্রাণু অস্বাভাবিক। তাদের হয়তো শনাক্ত হয়নি এমন স্বাস্থ্যগত সমস্যা আছে, যাতে মৃত্যুর প্রবল সম্ভাবনা আছে।” গবেষণায় দেখা গেছে, তরুণ এবং মধ্যবয়স্ক যেসব মানুষের বীর্যে কমসংখ্যক শুক্রাণু বা চলাচল ক্ষমতায় প্রতিবন্ধকতা আছে, তাদের স্বাভাবিক শুক্রাণু আছে এমন মানুষের তুলনায় পরবর্তী আট বছরের মধ্যে মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণেরও বেশি। শুক্রাণুতে যত বেশি অস্বাভাবিকতা থাকবে, তাড়াতাড়ি মৃত্যুর সম্ভাবনাও তত বেশি হবে।