২৫ মে ২০১৯, দিনটি দক্ষিণ কোরিয়ার সিনেমাপ্রেমীরা কখনো ভুলবে না হয়তো! এদিনই প্রথমবার স্বর্ণ পামের স্বাদ পেল দক্ষিণ কোরিয়া। গড়ল নতুন ইতিহাস। এজন্য দেশটির সবাই ‘প্যারাসাইট’ টিমের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। বিশেষ করে সিনেমাটির নির্মাতা বং জুন হোর প্রতি। তিনি তামাম দুনিয়ার বাঘা বাঘা পরিচালকদের ছবি হটিয়েছেন কান উত্সবের পাল্লায়।
একরাশ হাসি নিয়ে মঞ্চে উঠে একহাত তুলে বং জুন হো জানিয়ে দিয়েছেন আমরাও বিশ্বসেরা চলচ্চিত্র নির্মাণ করতে পারি। তারপর ইনারিতুর হাত থেকে নেন পুরস্কার। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমি সত্যিই সম্মানিতবোধ করছি। তাছাড়া আমি একটা ঘোরের মধ্যে আছি, কীভাবে জিতলাম! সত্যি বলতে স্বর্ণ পাম জেতার প্রত্যাশা ছিল না আমার। আমি সবসময় ফরাসি চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়েছি। দুই পরিচালক অঁরি জর্জ ক্লুজো ও ক্লদ শ্যাবরোলকে ধন্যবাদ দিতে চাই। প্যারাসাইট অ্যাডভেঞ্চার ছিল সারাজীবন মনে রাখার মতো।’
বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন উত্সব কানের ৭২তম আসরের শেষ আলো নিভেছে শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে। সে মঞ্চেই প্রমাণ হলো চলচ্চিত্রে এখন এশিয়াই সেরা। কারণ গতবারও স্বর্ণ পাম জিতেছিল জাপানের হিরোকাজু কোরি ইদার ‘শপলিফটারস’। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ায় এলো এই সম্মান।