চাটখিলে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২, গুলিবিদ্ধ ৫

নোয়াখালীর চাটখিলে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে পরিবহন সংশ্লিষ্ট দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুন্দরপুর গ্রামের পরিবহন শ্রমিক দুলাল হোসেন (৩০) এবং দক্ষিণ দশঘরিয়া গ্রামের কামাল হোসেন (৩৫)। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন- পরকোট গ্রামের মনির হোসেন (৩৫), আবদুল হান্নান (২০) ও আবুল কালাম নিশাদ (৩০), রামদেবপুর গ্রামের নিপুণ (৪০) এবং দক্ষিণ দশঘরিয়া গ্রামের রহমত উল্যাহ বাবলু (৪০)। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, গতকাল ভোর ৫টার দিকে একটি মোটর সাইকেলে করে দুইজন সশস্ত্র সন্ত্রাসী পৌরসভার সুন্দরপুর গ্রামের যাত্রীসেবা সুপার সার্ভিসের সুপার ভাইজার দুলালকে গুলি করলে ঘটনাস্থলে সে মারা যায়। সেখান থেকে সন্ত্রাসীরা দশঘরিয়া বাজারে যায়। সেখানে আল-বারাকা এশিয়া এক্সক্লুসিভ ও মুনস্টার পরিবহন কাউন্টারে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে আল-বারাকা পরিবহন কাউন্টারের কর্মী কামাল হোসেনও ঘটনাস্থলে মারা যায়। এ সময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে ৫ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। চাটখিল ও দশঘরিয়া বাজারের ব্যবসায়িগণ দোকানপাট বন্ধ রেখেছেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে চাটখিলে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় চাটখিল থেকে দূর পাল্লার চলাচলকারী সকল যানবাহন বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে সর্বত্র থমথমে উত্তেজনা বিরাজ করছে। নোয়াখালী জেলার পুলিশ সুপার ইলিয়াছ শরিফ, নোয়াখালী সদর সার্কেল ও বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার, ওসিসহ (ডিবি) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। চাটখিল থানার ওসি আমিনুল ইসলাম জানান, উপজেলার বদলকোট গ্রামের খোরশেদ ডাকাত ও তার এক সহযোগী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।