সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করার দাবি, কর্মসূচি ঘোষণা
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:৫৬
স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। দাবি বাস্তবায়িত না হলে তারা লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
শিক্ষক নেতারা আসন্ন বাজেটে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ১০-১৫ বছর স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় এসব প্রতিষ্ঠান বর্তমানে নানামুখী সংকটে জর্জরিত। সরকারের সহায়তা না পাওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ এশারত আলী ঘোষণা করেন, বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকলে ৮ জুন ঢাকা মহাসমাবেশ এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে।