রাজপথে আন্দোলন গড়ে তুলুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণতন্ত্রের মৃত্যুঘণ্টা বাজিয়ে জনগণের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। সরকারের ভয় হলো ঢাকার জনগণ রাস্তায় নামতে পারলে তারা টিকতে পারবে না। প্রেসক্লাবে নয়, ভবিষ্যতে খোলা ময়দানেই সমাবেশ করা হবে। প্রেসক্লাবে ঘরের মধ্যে না থেকে রাজপথে নেমে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে ঢাকা মহানগর বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা স্থানান্তরের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মীর সরাফত আলী সপু প্রমুখ। মির্জা ফখরুল বলেন, ভারতে গণতন্ত্রের কারণেই মোদি ক্ষমতায় এসেছে। সেখানে গণতন্ত্রের চর্চা থাকার কারণেই চা বিক্রেতা নিম্নবর্ণের মোদি ভারত শাসনের দায়িত্ব পেয়েছেন। কিন্তু আমাদের দেশে কেমন গণতন্ত্র চলছে দেখুন? তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের পর থেকে যাকে কখনো লাল পাসপোর্ট ছাড়া থাকতে হয়নি। সেই সম্মানিত মহিলাকেই এখন সাধারণ জনগণের মতো আবেদন করে পাসপোর্ট সংগ্রহ করতে বাধ্য করা হচ্ছে। এটাই হচ্ছে আওয়ামী গণতন্ত্র চর্চার নমুনা। সাদেক হোসেন খোকা বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। র্যাব থেকে সেনাবাহিনীর সকল সদস্যদের প্রত্যাহার করা উচিত। আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল দেখতে চাই।