র্যাবের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ২০ মে ২০১৪, ২৩:২৪
র্যাবের বিরুদ্ধে ব্যবসায়ী শাহনূর আলমকে (৪৩) নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শাহনূরের ভাই মেহেদী হাসান।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২৯ এপ্রিল দুপুরে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ জেড এম শাকিব সিদ্দিকের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল নবীনগরের বগডহর গ্রামের বাড়ি থেকে শাহনূরকে ধরে নিয়ে যায়। ঐ দিন শাহনূরকে নবীনগর থানায় হস্তান্তর না করে তারা ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তার কোমরে ও কোমরের নিচ থেকে পায়ের তালু ও হাতের কনুইয়ে পিটিয়ে জখম করে র্যাব সদস্যরা। ঐ সময় মেজর শাকিব জুতা দিয়ে লাথি মারেন। ৩০ এপ্রিল র্যাব নবীনগর থানায় একটি মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে। ঐ সময় শাহনূরকে আদালতে হাজির করার সময় তিনি দাঁড়িয়ে থাকতে পারেননি। আদালত তার রিমান্ডের আবেদন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেয়। আদালত তার সুচিকিত্সার নির্দেশ দেয়। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৪ মে কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ৬ মে ভোরে শাহনূরের মৃত্যু হয়।