বিরোধী জোটের মর্যাদা পেতে জোট গড়ছেন মমতা-জয়ললিতা?

তামিলনাড়ুর জয়ললিতার সঙ্গে জোট গড়লে ভারতের লোকসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে পারে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। জোটের নেতা হতে পারেন ভারতের বিরোধী দল নেতা। এনিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার সঙ্গে সোমবার রাতে ফোনালাপ করেছেন মমতা ব্যানার্জি। লোকসভায় এবার কংগ্রেসের সদস্য ৪৪ জন। নিয়ম অনুযায়ী, ৫৫ জন অর্থাত্ ১০ শতাংশ সদস্য থাকলে সে দল প্রধান বিরোধী দলের সম্মান পায়। আর সেই দলের নেতা ‘লিডার ফর দ্য অপজিসন’ সম্মান পান। সম্মান মেলে ক্যাবিনেট মন্ত্রীর সমান পদমর্যাদা। জোটগতভাবে ইউপিএ-র রয়েছে ৫৭ সদস্য। তৃণমূলের ৩৪ আর এআইএডিএমকে-র ৩৭। দুই দল জোট করলে ৭১ এমপি-র সমর্থন হবে। যদি মমতা শুধু জয়ললিতার সঙ্গে ফোনালাপ করেই থেমে থাকেননি। তৃণমূল সূত্রে খবর, মমতা যোগাযোগ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়েকের সঙ্গেও। বিজু জনতা দলের রয়েছে ২০ এমপি। তিন দলের জোট হলে তা হবে ৯১ সদস্যের। মমতা ব্যানার্জি তাই ক্রমাগত যোগাযোগ রাখছেন ওই দুই নেতার সঙ্গে। জোট সম্ভব হলে তৃণমূলের সংসদীয় নেতা হবেন লোকসভায় বিরোধী দলনেতা। আর ডেপুটি স্পিকারের পদ পেতে পারে জয়ললিতার দল। আপাতত ভারতে বিরোধী জোট গড়তে উদ্যোগ চালিয়ে যাচ্ছেন মমতা। লক্ষ্য, কংগ্রেসকে সরিয়ে ভারতের বিরোধী শক্তিতে পরিণত হওয়া।