জাতিসংঘ এসএসসি ব্যুরো

বাংলাদেশ প্রেসিডেন্ট নির্বাচিত

আগামী দুই বছরের জন্য জাতিসংঘের ‘সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরো’র (এসএসসি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার জাতিসংঘে সাউথ সাউথ কো-অপারেশনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বৈঠকে তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তারা হলেন ইস্ট-ইউরোপ থেকে ইউক্রেন, আফ্রিকা থেকে লাইবেরিয়া ও পশ্চিম ইউরোপ থেকে নিউজিল্যান্ড। এছাড়া দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনার প্রতিনিধি ‘রেপোর্টিয়ার’ নির্বাচিত হন। বৈঠকের শুরুতে সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর প্রাক্তন প্রেসিডেন্ট ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এ্যাম্বাসেডর জন এ্যাশ, ইউএনডিপি’র এডমিনিস্ট্রেটর হেলেন ক্লার্ক, জাতিসংঘ মহাসচিবের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ইপিং জাউ বক্তব্য রাখেন। বৈঠকে বাংলাদেশের এ অর্জনে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জন এ্যাশসহ বিভিন্ন সদস্য রাষ্ট্র বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান। সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর নবনির্বাচিত প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, সাউথ সাউথ কো-অপারেশন বর্ধিত করার বিশেষ তিনটি ক্ষেত্র হচ্ছে, ব্যবসা-বাণিজ্য, ইনভেস্টমেন্ট ও টেকনোলজি ট্রান্সফার। তিনি বলেন, বর্তমানে ব্যবসা-বাণিজ্য হচ্ছে প্রযুক্তি নির্ভর। নলেজ শেয়ারিং ও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এ প্রযুক্তি এলডিসিভুক্ত দেশগুলোতে ছড়িয়ে দেয়া সম্ভব।