ষষ্ঠ ধাপে ৫৯ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে
প্রকাশ : ২০ মে ২০১৪, ২৩:২৪
উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৩টি উপজেলায় ৫৯ দশমিক ৪৭ ভাগ ভোট পড়েছে।
গত সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়। যেখানে ভোটের হার ৭৮ দশমিক ২৩ শতাংশ। এই ধাপে ১৩টি উপজেলায় মোট ভোটার ছিল ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১০ লাখ ৯৭ হাজার ৩১১ জন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ তথ্য জানিয়েছে।
সবচেয়ে কম ভোট পড়েছে শুধু চেয়ারম্যান পদে অনুষ্ঠিত ময়মনসিংহের তারাকান্দা উপজেলার উপ-নির্বাচনে। এই উপজেলায় মাত্র ৪৮ দশমিক ৪৩ ভাগ ভোট পড়েছে। তুলনামূলকভাবে ভোটের হার সন্তোষজনক ছিল বরগুনার তালতলী উপজেলায় ৭৪ দশমিক ১৭ ভাগ, রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৬৭ দশমিক ৭৮, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৬২ দশমিক ৩৫ ভাগ, রংপুর সদরে ৬০ দশমিক ১১ ভাগ। ভোটের হার তুলনামূলক কম ছিল গাজীপুর সদরে ৪৮ দশমিক ৬৭ ভাগ, টাঙ্গাইলের বাসাইলে ৫৭ দশমিক ৬৭ ভাগ।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপ পর্যন্ত সারাদেশের ৪৮৭টি উপজেলার মধ্যে ৪৭১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হলো। গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৯৮টি, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৬টি, ১৫ মার্চ তৃতীয় ধাপে ৮১টি, ২৩ মার্চ চতুর্থ ধাপে ৯১টি এবং ৩০ মার্চ পঞ্চম ধাপে ৭৩টি উপজেলায় নির্বাচন হয়।