গল্প নয় সত্যি

নার্সদের জন্য এয়ারহোস্টেজের পোশাক

সত্যিকারের সেবা কিংবা সেবার মানসিকতার সাথে পোশাকের কোনো সম্পর্ক আছে কি না বলা মুশকিল। তবে নিজেদের সেবার ধরনকে ঢেলে সাজানোর অংশ হিসেবেই এবার চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশের একটি হাসপাতাল এর নার্সদের জন্য পরীক্ষামূলকভাবে এয়ারহোস্টেজ বা বিমানবালার পোশাক পড়া বাধ্যতামূলক করেছে। এছাড়া প্রদেশটির লিয়ানশুই জেলার চাইনিজ মেডিসিন হাসপাতাল কর্তৃপক্ষ এজন্য হাসপাতালটির নার্সদেরকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এয়ারহোস্টেজদের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণও দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রোগীদের জন্য নতুন মাত্রার সেবা দিতে এবং রোগী ও রোগীর আত্মীয়দের সাথে নানাসময়ে নার্সদের যে মনোমালিন্য হয় তা কমাতেই এ ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। এ ব্যবস্থায় যেসব নার্স নিজে থেকে সংযুক্ত হয়েছেন তাদেরকে অন্য নার্সদের চাইতে বেশি বেতন দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। যদিও এসব ক্ষেত্রে কাজের চাপও কিছুটা বাড়ছে বলে স্বীকার করেছেন তারা। এদিকে হাসপাতালের একজন মুখপাত্র এ ধরনের এয়ারহোস্টেজের পোশাক পড়া একটি বিভাগ খোলার দীর্ঘ আকাঙ্খার কথা জানালেও ঠিক কীভাবে এটি সেবার মানকে উন্নত করবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারেননি। তবে অনেকেরই ধারণা, এভাবে প্রথাগত পোশাকের বাইরে ভিন্ন পোশাকে নার্সদের আবিষ্কার করার পর তাদের প্রতি রোগী বা রোগীর আত্মীয়দের মনোভাবও অনেকটা পাল্টাবে। এ ছাড়া নতুন করে এই নার্সদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটি তাদেরকেও আরও বিনীত ও সেবাপরায়ণ হতে সহায়তা করবে।