ভারতেশ্বরী হোমসে রবীন্দ্র জন্মজয়ন্তী

ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়—কবির এই বাণী এবং ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’, ‘তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে’, ‘চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে’ ইত্যাদি কালজয়ী রবীন্দ্রসংগীত আর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে গত ৯ মে শুক্রবার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে নারী জাগরণ ও নারী শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমসে। ভারতেশ্বরী হোমসের ছাত্রী সংসদ হোমসের পিপিএম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতেশ্বরী হোমসের সাবেক অধ্যক্ষ এবং কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্রের পরিচালক একুশে পদকপ্রাপ্ত ও ভাষা সৈনিক প্রতিভা মুত্সুদ্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার, উপধ্যক্ষ গোলাম কিবরিয়া, উলফাতুননেছা প্রমুখ । অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন হোমসের সিনিয়র শিক্ষক মনিরা সিদ্দিকা এবং হেনা সুলতানা। ‘কতবার ভেবে ছিল আপনা ভুলিয়া’ দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে ভারতেশ্বরী হোমসের শিল্পীরা। এর পর একের পর এক গান আর নৃত্য পুরো অনুষ্ঠানকে মুগ্ধকর করে তুলে।