বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ খুন

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। সাঁথিয়ায় শ্রমিকের লাশ উদ্ধার পাবনার সাঁথিয়া উপজেলার সোনাহাটি মাঠ থেকে গতকাল বুধবার সকালে চাঁদ আলী (৫০) নামে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, চাঁদ আলী পাবনা পানি উন্নয়ন বোর্ডের পানি সরবরাহ কাজে নিয়োজিত শ্রমিক ছিল। প্রতিদিনের মত মঙ্গলবার রাতে ইরিগেশন প্রকল্পে পানি সরবরাহ করতে মাঠে গিয়েছিল। রাতে দুর্বৃত্তরা প্রথমে কুপিয়ে ও পরে গলা কেটে তাকে হত্যা করে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে মনে হচ্ছে। জগন্নাথপুরে সংঘর্ষে একজনের মৃত্যু সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে আহত ইউসুফ আলী (৫৫) নামে এক ব্যক্তি গত মঙ্গলবার রাতে চিকিত্সাধীন অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। গত ১৪ মে উপজেলার বাঘময়না গ্রামের শুকুর আলী ও কদরপাড়া গ্রামের বারিক উল্লার মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ শতাধিক আহত হয়। সংঘর্ষে শুকুর আলী পক্ষে গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ দিন পর তিনি মারা যান। কটিয়াদীতে দুইজন খুন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লাহুন্দ গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় জজ মিয়া (৬৫) এক ব্যক্তি মেয়ের সাবেক জামাতা আবুল মিয়ার ছুরিকাঘাতে খুন হন। জজ মিয়া বাড়ি থেকে বাজারে যাবার সময় আবুল মিয়া তার গলায় ছুরিকাঘাত করে। তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা হয়েছে। এদিকে, উপজেলার বোর্ড বাজারের একটি কাপড়ের দোকান থেকে গতকাল বুধবার সকালে আলম (২৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী হাফছা জানান, স্বামী ছুটি নিয়ে বাড়িতে ছিল। মঙ্গলবার রাত ৯টায় একটি ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। গোবিন্দগঞ্জে এক মহিলা নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ময়না রাণী নামে এক মহিলা নিহত ও ১০ জন আহত হয়েছেন। উপজেলার সরদারহাটের সতিশ চন্দ্রের পুত্র নিত্যরঞ্জনের সাথে স্থানীয় একটি প্রভাবশালী মহলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এক পর্যায় গতকাল বুধবার ১১টায় প্রতিপক্ষ নিত্যরঞ্জনের পরিবার ও তার লোকজনের ওপর হামলা করে। এতে নিত্যরঞ্জনের স্ত্রী ময়না রানীসহ অন্তত ১০ আহত হয়। বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে ময়না মারা যান। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলা দায়ের প্রক্রিয়া চলছে। দৌলতপুরে চাচার হাতে ভাতিজা খুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামে গতকাল বুধবার সকালে মজিবর দফাদার (২৫) নামে এক ব্যক্তি চাচার হাতে খুন হয়েছেন। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামে আমপাড়াকে কেন্দ্র করে মজিবরকে তার দুই চাচা শহিদুল দফাদার ও ইন্তাদুল দফাদার তরবারি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, ঘটনার সাথে জড়িত থাকার দায়ে শহিদুলের স্ত্রী টুকিনা ও ইন্তাদুলের স্ত্রী টগরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। শহিদুল ও ইন্তাদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। আশুগঞ্জে সংঘর্ষে একজন নিহত ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চেঙ্গামুড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে গুরুতর আহত রাশেদ মিয়া (৪০) গত মঙ্গলবার ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কামাইড়া বাড়ি ও কাছম আলীর বাড়ির মধ্যে গত শনিবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত ৩ দফা সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের দেড় শতাধিক লোক আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। গুরুতর আহত রাশেদ মিয়া গত মঙ্গলবার রাতে মারা যান। মৃত্যুর সংবাদ পেয়ে কামাইড়া বাড়ির লোকজন বাড়ি থেকে পালিয়ে গেলে কাছম আলীর বাড়ির লোকজন কামাইড়া বাড়ির অন্তত ২০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, এ ব্যাপারে হত্যা মামলা করা হয়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উল্লাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিবপুর গ্রাম থেকে গতকাল বুধবার দুপুরে ঝর্ণা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর স্বামী ফজলুল রহমানের বাড়ির সবাই পলাতক। ২ বছর আগে ঝর্ণা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। ফজলুল রহমান প্রায়ই তার স্ত্রীকে মারধর করত। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জাফর জানান, ঘটনার রাতে ঝর্ণা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর ঝর্ণার মুখে বিষ ঢেলে দিয়ে বাড়ির সবাই পালিয়ে যায়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে। মিরপুরে একজনকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুণ্ঠিয়ার চর এলাকায় গতকাল বুধবার ভোরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসাহক (৩৮) নামে এক ব্যক্তি খুন ও একজন আহত হয়েছেন। নিহতের পিতা আলী আকবরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের ভাই মোজাফ্ফার ও বোন দেলোয়ারাকে আটক করেছে। সহকারী পুলিশ সুপার ভেড়ামারা (সার্কেল) আশিক বিন হাসান এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে হাত পা ও মাথাবিহীন লাশ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি ধানক্ষেত থেকে গত মঙ্গলবার রাতে বস্তাবন্দী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হাত পা ও ম?াথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।