বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল বুধবার তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এ সময় ২টি বাড়ির মালামাল লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। জানা যায়, উপজেলার ফতেহপুর গ্রামের চৌধুরী বাড়ির গেন্দু চৌধুরী ও সাজিদ চৌধুরীর লোকজনের মধ্যে আমতলী বাজারে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাজিদ চৌধুরীর পক্ষে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়। সংঘর্ষের সময় আলীম চৌধুরী ও শফিক চৌধুরীর বাড়ির মালামাল লুট করে নিয়ে যায় দাঙ্গাবাজরা। বেনাপোলে শ্রমিক ইউনিয়ন অফিস দখল নিয়ে সংঘর্ষে আহত ৩ এদিকে বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিস দখলকে কেন্দ্র করে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছে। বন্দরে বুধবার সকাল থেকে সব ধরনের মালামাল খালাস বন্ধ ছিল। সকালে একদল বহিরাগত শ্রমিক বন্দরের সামনে ১৫/২০ বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে শ্রমিক ইউনিয়ন অফিস দখল করে নেয়। বোমা ও গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়লে বন্দরে লোড আনলোডসহ সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নতুন সংঘর্ষের আশংকায় বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।