উজিরপুরে লম্পটের বিরুদ্ধে মামলা করে সাত মাস ধরে বাড়ি ছাড়া
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:১২
বরিশালের উজিরপুরে লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করার অপরাধে ৭ মাস ধরে বসতভিটা ছাড়া একটি পরিবার এখন নিজ বাড়িতে ফেরার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে। সন্ত্রাসীদের ভয়ে ওই পরিবারটি দীর্ঘ সময় অন্যত্র আশ্রয় নিয়ে নিঃস্ব হয়ে এখন নিজ বাড়িতে ফিরতে চায়। জানা গেছে, দঃ ধামুরা গ্রামের ৫ম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে গত বছরের ৯ ডিসেম্বর ধামুরা দাখিল মাদ্রাসার সামনে একই এলাকার দুলাল সরদারের বখাটে পুত্র নয়ন সরদার পথরোধ করে শ্লীলতাহানি করে । লম্পটের হাত থেকে কোন মতে রক্ষা পাওয়ার পর ছাত্রীটির মামা ঘটনার পর পরই বাদী হয়ে নয়ন সরদার, বক্কার সরদার, রানা সরদার, পলাশ সরদারকে আসামি করে একটি মামলা দায়ের করে। লম্পট নয়ন ও তার সন্ত্রাসী বাহিনী মামলাটি তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকি দেয়। জীবন রক্ষার্থে ওই পরিবারটি অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু নিজ বসতভিটায় ফেরার আকুতি জানিয়ে তারা বরিশাল পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।