বারহাট্টা ও টুঙ্গিপাড়ায় দোকান ও বসতঘর ভস্মীভূত

নেত্রকোনার বারবাট্টা বাজারের ১৫টি দোকান ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১২টি বসতঘর পুড়ে যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। বারহাট্টায় ১৫টি দোকান পুড়ে গেছে নেত্রকোনার বারহাট্টা আমঘাইল বাজারে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে জলিল মিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এতে দোকানের মালামাল, ফ্রিজ, টিভি, আসবাবপত্র পুড়ে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা জানান। এতে বাবলু, জাহাঙ্গীর, আলামিন, মঞ্জু মিয়া, দুদু মিয়া, অপু, হান্নান, তাইজুল ইসলাম, শফিকুল ইসলামসহ অনেকের দোকান পুড়ে যায়। মোহনগঞ্জ থেকে ফায়ার সার্ভিস প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। টুঙ্গিপাড়ায় ১২টি ঘর ভস্মীভূত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জেয়ারিয়া গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় আগুনে ৬টি পরিবারের ১২ ঘর ভস্মীভূত হয়েছে। এতে নেপালের ৩টি, হরিচাঁদ মণ্ডলের ২টি, দুলাল মণ্ডলের ৩টি, বিমল মণ্ডলের ২টি, তুলসি ও গোবিন্দ মণ্ডলের ১টি ঘর পুড়ে যায়। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত হরিচাঁদ মণ্ডল জানান, আগুনে ১২টি ঘর, আসবাবপত্র, কৃষিপণ্য পুড়ে অন্তত অর্ধ-কোটি টাকার ক্ষতি হয়েছে।