ভুয়া স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা তোলার অভিযোগ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:১৪
ময়মনসিংহের গফরগাঁওয়ে রাবেয়া আক্তার (৮০) নামে এক বৃদ্ধার অবসর ভাতার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ভুয়া স্বাক্ষরের মাধ্যমে ব্যাংক থেকে তুলে নেয়ার ঘটনা ঘটেছে।
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাবেয়া আক্তারের স্বামী উথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল করিম চাকরিরত অবস্থায় চার বছর পূর্বে মারা যান। এরপর থেকে রাবেয়া আক্তার স্বামীর পেনশন ভাতা বাবদ সোনালী ব্যাংক গফরগাঁও শাখা থেকে প্রতি মাসে ৫ হাজার ৬০৫টাকা করে উত্তোলন করে আসছেন। গত মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংক গফরগাঁও শাখায় পেনশনের মাসিক টাকা তুলতে গিয়ে রাবেয়া বেগম জানতে পারেন প্রাপ্য টাকা কে বা কারা তুলে নিয়েছে। পরে রাবেয়া বেগম বিষয়টি উপজেলা হিসাব রক্ষণ অফিস ও সোনালী ব্যাংক গফরগাঁও শাখার কর্মকর্তাদের অবহিত করেন। সোনালী ব্যাংক গফরগাঁও শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, ভুল হতেই পারে। সমাধানের চেষ্টা চলছে। টাকা ফেরত দেয়া হবে।