পৃথক দুর্ঘটনায় নিহত ৯ জন
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:১৫
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় ৯ জন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ওসমানীনগরে ২ ছাত্র নিহত
সিলেটের ওসমানীনগর থানার নাজিরবাজারে নোহা গাড়ির ধাক্কায় গতকাল বুধবার সকালে দুই মাদ্রাসা ছাত্র নিহত ও আহত হয়েছেন আরো ১২ জন। নিহতরা হলেন ফরহাদ আহমদ (৯) ও সাকুওয়ান আহমদ (৮)। নিহতরা নাজিরবাজার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
পাকুন্দিয়ায় গৃহবধূর আত্মহত্যা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় হালিমা খাতুন (২০) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। দুই বছর পূর্বে ছোট আজলদী গ্রামের মন্নাছ মিয়ার মেয়ে হালিমা খাতুনের সঙ্গে বড়আজলদী গ্রামের শামছউদ্দিনের ছেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পাকুন্দিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল বুধবার সকালে পানিতে ডুবে জাবেদ মিয়া (২) ও কালন মিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আটঘরিয়ায় সাপের কামড়ে একজনের মৃত্যু
পাবনার আটঘরিয়ার হাতিগাড়া গ্রামে গতকাল বুধবার ভোরে বিষধর সাপের দংশনে সিরাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
এলাকাবাসী জানান, প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
রৌমারীতে সাপের কামড়ে শিশুসহ ৩ জনের মৃত্যু
কুড়িগ্রামের রৌমারীতে গত মঙ্গলবার বিষাক্ত সাপের কামড়ে শিশুসহ ৩ জন মারা গেছেন। নিহতেরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র রাসেল মিয়া (১৬), কুটিরচর খানপাড়া গ্রামের আজিম উদ্দিনের শিশু কন্যা আঞ্জুয়ারা খাতুন (৯) ও পাখীউড়া খাসপাড়া গ্রামের আবুল কালামের কন্যা গার্মেন্টসকর্মী কল্পনা খাতুন (২০)।
নিহতের পাবারিক সূত্রে জানা যায়, ধান কুড়াতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে তারা আহত হয়। পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাদেরকে মৃত বলে জানান।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান কবির জানান, বিষাক্ত সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে।