ধামইরহাটে ছয় বছরেও শিক্ষকের সন্ধান মেলেনি
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:১৬
নওগাঁ ধামইরহাটে দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও নিখোঁজ শিক্ষকের সন্ধান মেলেনি। উপজেলার রঘুনাথপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৬) গত ৬ ফেব্রুয়ারি’ ২০০৮ সালে সকালে কর্মস্থল একই উপজেলার বলরামপুর দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে জমি-জমা সংক্রান্ত কাগজপত্র নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ শিক্ষকের পরিবার অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে ধামইরহাট জাহাঙ্গীর, জহুরুল, রহমত আলীকে আসামি করে একটি মামলা দায়ের করে। অপরদিকে নিখোঁজ শিক্ষকের মাতা মরিয়ম বেওয়া নওগাঁ কোর্টে নিখোঁজ ব্যক্তির স্ত্রী রাজিয়া সুলতানা, মামুন, আব্দুর রহমান, আব্দুর লতিফ, রহমত আলীকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। বর্তমানে উভয় মামলা আদালতে চলমান রয়েছে। এদিকে ধামইরহাট থানা পুলিশ নিখোঁজ শফিকুল ইসলাম হত্যা, গুম না নিরুদ্দেশ কোনোটাই উদঘাটন করতে পারেনি।