জিটুজি ভিত্তিতে দেশে প্রথম জাপানিজ অর্থনৈতিক অঞ্চল হবে নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০০০ একর জমির ওপর জাপানিজ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। এজন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে একটি যৌথ উদ্যোগের চুক্তি স্বাক্ষর হয়েছে। এটি হবে দেশের প্রথম জিটুজি ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। এ পরিকল্পনাকে সামনে রেখে ৫০০ একর জমির অধিগ্রহণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। সবমিলিয়ে ২০২২ সালের মধ্যে এ অর্থনৈতিক অঞ্চলটি চালু করা সম্ভব হবে বলে বেজা আশা প্রকাশ করেছে।

গতকাল রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নজিবুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি ইয়োশিবুমি বিতো, বাংলাদেশে জাপান দূতাবাসের মিনিস্টার তাকেশি ইতো এবং সুমিতোমো করপোরেশনের জেনারেল ম্যানেজার ইয়াসুশি ফুকুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পণ্য উত্পাদনের জন্য ভিন্ন ভিন্ন প্রকৃতির শিল্প স্থাপনের সুবিধা সম্প্রসারণের মাধ্যমে জাপানি এবং অন্যান্য স্থানীয় বিনিয়োগ আকর্ষণ করা হবে। প্রকল্পটিতে ব্যয় হবে ৩১৯৫ কোটি ৮১ লাখ টাকা। প্রকল্পে ভূমি উন্নয়ন, সংযোগ সড়ক নির্মাণসহ বিদ্যুত্ ও গ্যাস সংযোগ স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে। জাপানের বিনিয়োগ হবার ফলে দক্ষ জনশক্তি তৈরি ছাড়াও প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বেজার পক্ষে মহাব্যবস্থাপক মো. শোহেলের রহমান চৌধুরী এবং সুমিতোমো করপোরেশনের ইয়াসুশি ফুকুদা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান বলেন, জি-টু-জি ভিত্তিতে এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জাপানিজ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগে তারা আস্থা পাবে, ফলশ্রুতিতে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ অনেকাংশে বেড়ে যাবে।

সভাপতির বক্তব্যে বেজার চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, এ উদ্যোগ এক বিশাল কর্মযজ্ঞের সূচনামাত্র। একটি পরিকল্পিত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল তৈরির মাধ্যমে তার সফল পরিসমাপ্তি ঘটবে। এখানে বিনিয়োগের জন্য ইতোমধ্যে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে এবং ভূমি উন্নয়নের কাজ শেষ হলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ চূড়ান্ত হবে।